জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

CT Online Desk
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১৬: ১২

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য প্রদান এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানি বিনিয়োগ আকর্ষণ, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া জ্বালানি, কৃষি, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে জাপানের বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের বিষয়টিও রয়েছে। এর মধ্যে ফুতসু শহরের একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং ইউনিক্লো ও টয়োটার স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা পালন করে আসছে।

spot_img

Related Articles