চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। এ চুক্তির আওতায় হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
রোববার (১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং দল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে রোগীদের মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সাজিনাজ হাসপাতাল। বর্তমানে হাসপাতালটিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক পরীক্ষাগার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ), ব্লাড ব্যাংক ও বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা চালু রয়েছে।
সাজিনাজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আইএসও সনদ অর্জন হাসপাতালের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। রেডিসন ব্লুর সঙ্গে এ অংশীদারত্ব দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি করপোরেট স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় হাসপাতালটির ওপর আস্থা রেখে সহযোগিতামূলক উদ্যোগে যুক্ত হওয়ায় রেডিসন ব্লু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্য অন্যতম। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠান নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, মানবসম্পদ ও ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপক মো. আরেফিন এবং আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের চিকিৎসক মেজর (অব.) আমিনুল হক, নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মেজর (অব.) গৌতম রায়, সহকারী পরিচালক মো. রায়হান চৌধুরী এবং ওআইসি জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

