কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে ‘লুটপাটের’ বদলে সাশ্রয়ী সৌরবিদ্যুতের মাধ্যমেই বিদ্যুৎ সংকট মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের।
দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিকে ‘কেবল সম্ভাবনাময় খাত নয়, বরং দেশের জন্য অনিবার্য বাস্তবতা’ হিসেবে বর্ণনা করেন। রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। খাতটিতে অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছে। পাশাপাশি কর, শুল্ক ও আর্থিক প্রণোদনার সুবিধাও রাখা হয়েছে।
নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রণোদনাসহ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমদানিকৃত জ্বালানির ওপর অত্যধিক নির্ভরশীলতার কারণে দেশ বৈশ্বিক সরবরাহব্যবস্থার ব্যাঘাতের ঝুঁকিতে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তিনি উন্নয়ন সহযোগী ও প্রবাসী বাংলাদেশিদের সৌর প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান এবং নাগরিকদের মিতব্যয়ী হয়ে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদর্শনীর যৌথ আয়োজক বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডকল)।

