ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য গঠিত সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের একজন হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।
সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা পর্যায়ক্রমে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। সংসদের কার্যক্রম পরিচালনা, সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আইন ও বিধি অনুযায়ী অধিবেশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আনোয়ারা-কর্ণফুলী এলাকার সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করায় আনোয়ারা কর্ণফুলীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতামত ব্যক্ত করেন।

