এক মাসের মধ্যে এইচএসসি অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী মিলন

CT Online Desk
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৯: ১৯

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন।

শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যেন একটি পুরো শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে লক্ষ্যেই এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজন করা হবে। যারা পুনরায় পরীক্ষায় অংশ নেবে না অথবা আবারও অকৃতকার্য হবে, তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সুযোগ দেওয়া হবে।

মিলন বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন, পাঠ্যবই ও শিক্ষাপদ্ধতিসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো পর্যালোচনা করছে সরকার। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের ফল উন্নয়নে বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীসংখ্যা কম কিংবা শতভাগ অকৃতকার্য কলেজগুলোকে ভালো ফল করা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষক যাতে চাকরি না হারান, তা নিশ্চিত করা হবে।

শিক্ষকদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত নজরদারির পরিকল্পনাও রয়েছে সরকারের।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Related Articles