বন্দরনগরীর সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ‘বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬’ উপলক্ষে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্ট্রোক দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’ (প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ) কে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্ট-ফাস্ট’ (Act-FAST) ক্যাম্পেইন শুরু করেছে। মূলত স্ট্রোকের লক্ষণগুলো সহজে শনাক্ত করা এবং রোগীকে দ্রুত সময়ের মধ্যে জরুরি বিশেষায়িত চিকিৎসার আওতায় নিয়ে আসাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল বলেন, “স্ট্রোক এমন একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি, যেখানে সময়ই রোগীর সবচেয়ে বড় বন্ধু আবার অবহেলায় সবচেয়ে বড় শত্রু হতে পারে। লক্ষণ দেখা মাত্রই দ্রুত হাসপাতালে পৌঁছালে রোগীর সম্পূর্ণ সুস্থতার সম্ভাবনা অনেক বেড়ে যায়; অন্যদিকে সামান্য দেরি ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। তাই স্ট্রোকের সঠিক লক্ষণ জানা ও তাত্ক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন হওয়া প্রতিটি মানুষের জন্য জরুরি। আমরা আশা করি, এই পেশেন্ট ফোরাম ও র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কার্যকর সচেতনতা বৃদ্ধি পাবে।”
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড ও মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মত লক্ষণ বুঝতে না পারলে কিংবা হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হলে রোগীর সুস্থতা এমনকি বেঁচে থাকার সুযোগও আশঙ্কাজনকভাবে কমে যায়। স্ট্রোক মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরিতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
স্ট্রোকের দ্রুত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মোঃ আনিসুল ইসলাম খান বলেন, “স্ট্রোকের উপসর্গ দেখা দিলেই কোনো সময় অপচয় না করে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন। সময়মতো পৌঁছাতে পারলে সার্জিক্যাল ইন্টারভেনশন কিংবা থ্রম্বোলাইসিসের মতো সর্বাধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তাই প্রাথমিক লক্ষণগুলো চেনা এবং তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণই এখানে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে।”
বিশ্বব্যাপী স্ট্রোকের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী বলেন, “পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। মুখ একপাশে বেঁকে যাওয়া, হাত-পায়ে হঠাৎ নিস্তেজ বা অবশ অনুভূতি হওয়া এবং কথা জড়িয়ে আসা এগুলোই স্ট্রোকের প্রধান প্রাথমিক লক্ষণ। স্ট্রোক হলে প্রতি মিনিটে মস্তিষ্কের কোটি কোটি কোষ নষ্ট হতে থাকে। তাই দ্রুত হাসপাতালে এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করার বিকল্প নেই।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ) এবং নিউরোলজি বিভাগের এ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী।
আলোচনা সভা ও পেশেন্ট ফোরাম পর্ব শেষে উপস্থিত অতিথি, আমন্ত্রিত চিকিৎসক, মেডিকেল স্টাফ, চিকিৎসাধীন রোগীদের স্বজন ও স্থানীয় ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

