তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগসহ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
কপ৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরুর একদিন আগে এ বৈঠক হয়। সম্মেলনটি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি, খনিজ সম্পদ ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকারীদের সুযোগ রয়েছে। কপ৩১ আয়োজনের জন্য তিনি তুরস্ককে অভিনন্দনও জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সমর্থন এবং মানবিক সহায়তার জন্য আঙ্কারাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেন।
তিনি সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে নিজের বৈঠকের কথাও স্মরণ করেন এবং এরপর দ্বিপক্ষীয় সহযোগিতায় অগ্রগতির প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী সেদিনই স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে আন্তালিয়ায় পৌঁছান। তিনি ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।

