নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের ঐতিহ্যবাহী এরশাদ আলী সরকার পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খান আর নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে তৈলারদ্বীপ এলাকায়।
মরহুম আরিফুল ইসলাম খান সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছোট বোন মেহেরুন্নিছা নিজামের স্বামী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরের চন্দনপুরা বংশাল বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে চন্দনপুরার বংশাল বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
মরহুম আরিফুল ইসলাম খান ছিলেন সৎ, বিচক্ষণ, কর্মঠ ও শিক্ষানুরাগী ব্যক্তি। জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা তাঁর ব্যক্তিত্ব ও অবদানের কথা স্মরণ করে বলেন, তৈলারদ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তাঁর অবদান ও দিকনির্দেশনা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
এক শোকবার্তায় তিনি বলেন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকালে একজন সৎ, অমায়িক, বিচক্ষণ ও শিক্ষানুরাগী মানুষকে হারানো হলো। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।শোকবার্তায় সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

