যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১: ৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৭ অক্টোবর)। দিবসটি উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মঙ্গলবার দেশব্যাপী সব জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) দেশের সব উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিটে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

spot_img

Related Articles