ক্ষমতাচ্যুত ব্যক্তিরা শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১৫: ৫৫

চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির এই ষড়যন্ত্রের উচিত জবাব দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়েই দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে।

আগামী এক থেকে দুই মাসের মধ্যেই মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণ করবে।

সম্প্রতি বিভিন্ন শিল্পকারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত শ্রমিকেরা কখনো নিজেদের কর্মসংস্থানের উৎস ধ্বংস করতে পারেন না।

শিল্পকারখানা দেশের এবং শ্রমিকদের সম্পদ। এগুলো ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক, তাদের পরিবার ও সন্তানেরা।

প্রধানমন্ত্রী বলেন, কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ক্ষমতাচ্যুত ব্যক্তিরাই এর নেপথ্যে রয়েছে। তবে দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দেওয়া হবে।

অবহেলিত অঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, একসময়ের শিল্পসমৃদ্ধ খুলনা অঞ্চলসহ দীর্ঘদিন অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকার নিরলস কাজ করছে। এর অংশ হিসেবে খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হবে।

এছাড়া, খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের সরকারের পরিকল্পনার কথাও পথসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

spot_img

Related Articles