প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফর করবেন। দিনব্যাপী এ সফরে তিনি সুন্দরবন পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যালোচনা এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে নৌপথে বাগেরহাটের মোংলায় যাবেন।
দুপুরে মোংলায় পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম এবং জেটি সুবিধা পরিদর্শন করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

