তিন দিনের সফরে আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ বিশ্বনেতাদের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়ে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং ফাঁকে ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের সদস্যদের বহনকারী তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। সম্মেলন চলবে ১১ ও ১২ নভেম্বর। ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন এবং ১৩ নভেম্বর দেশে ফিরবেন।
ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে এটি অন্যতম।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন চলছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার পররাষ্ট্রসচিব জানান, আয়োজনের কাজ তখনো চূড়ান্ত হয়নি।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করবে। পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের সঙ্গে একটি যৌথ ঘোষণার পরিকল্পনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি পার্শ্ব অনুষ্ঠান আয়োজন করবে। এর একটির বিষয় জলবায়ু পরিবর্তনে নারীর ঝুঁকি, অন্যটির বিষয় প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্য।

