নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে ছয়টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন সিনিয়র অফিসার কায়সার এম মোহায়মেন। তাঁর বিরুদ্ধে কেনাকাটা, ঘাস কাটার দরপত্রসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে তাঁকে যশোর বিমানবন্দরে বদলি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। বেবিচকের সদর দপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা আদেশে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (প্রশাসন) তিরান হোসেন।
বিমানবন্দরের কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, কায়সার এম মোহায়মেন প্রশাসন, মোটর পরিবহন (এমটি), কেনাকাটা ও সরকারি ক্রয়বিধি (পিপিআর), ফ্রেইট, ঘাস কাটা এবং সম্পত্তি দেখভালের দায়িত্ব পালন করতেন। সহকারী পরিচালকের (এডি) দায়িত্বও পালন করতেন তিনি। একজন সিনিয়র অফিসারের হাতে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রমে তাঁর প্রভাব তৈরি হয়েছিল বলে অভিযোগ কর্মচারীদের।
কর্মচারীদের অভিযোগ, বিমানবন্দরে বছরে প্রায় ৩৬ লাখ টাকার ঘাস কাটার কাজ গোপন দরপত্রের মাধ্যমে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে করাতেন কায়সার। বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রেও তাঁর প্রভাব ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে দরপত্র ও কার্যাদেশসংক্রান্ত নথি থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট টিমের সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়েও কায়সারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কর্মচারীরা। তাঁদের দাবি, ওই ঘটনার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। দুই কর্মচারীকে ফাঁসাতে প্রশাসন শাখায় তাঁর দপ্তরে কর্মরত এক কর্মচারীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া এবং বিমানবন্দর পরিচালকের কাছে অন্যদের বিষয়ে নেতিবাচক তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কর্মচারীদের আরও অভিযোগ, আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিমানবন্দরের প্রায় সব কর্মকর্তা-কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও কায়সারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কয়েক দিন আগে উপপরিচালক মাহমুদ উল্লাহর সঙ্গেও তিনি খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেতন আটকে থাকার অভিযোগ
কায়সার এম মোহায়মেনের বিরুদ্ধে কর্মচারীদের পে-ফিক্সেশনের ফাইল আটকে রাখার অভিযোগও রয়েছে। কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর হিসাব শাখা থেকে ফাইলটি তাঁর দপ্তরে পাঠানো হয়। তবে তিনি আনুষ্ঠানিকভাবে ফাইলটি গ্রহণ করেন পরদিন ১৯ অক্টোবর। পরিচালকের নির্দেশে প্রয়োজনীয় সংশোধনের পর ফাইলটি ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও কায়সার স্বাক্ষর না করায় তা পাঠানো সম্ভব হয়নি। পরে ২৯ অক্টোবর বিকেলে বিমানে করে ফাইলটি ঢাকায় পাঠানো হয়।
কর্মচারীদের দাবি, ফাইল পাঠাতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরের প্রায় ৪০০ কর্মচারীর অক্টোবর মাসের বেতন আটকে যায়। ঢাকায় ফাইল পৌঁছানোর পর নিরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়াতেও বিলম্ব হয়। পরে চট্টগ্রাম থেকে পরিচালকের ব্যক্তিগত সহকারী ও হিসাব কর্মকর্তাকে ঢাকায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দুই দিনের চেষ্টায় ফাইলটিতে স্বাক্ষর করানো হয়। এরপর ৫ নভেম্বর কর্মচারীরা বেতন পান। তবে বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী অতিরিক্ত অর্থ তখনো পাননি তাঁরা।
কর্মচারীদের ভাষ্য, এখনো ২২ জন অক্টোবর মাসের বেতন পাননি। ফাইলটি যথাসময়ে পাঠানো হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন তাঁরা।
এদিকে কায়সারকে যশোর বিমানবন্দরে বদলি করা হলেও তাঁকে চট্টগ্রাম বিমানবন্দরে রেখে দেওয়ার জন্য তদবির করছেন বলে অভিযোগ করেছেন কর্মচারীরা।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কায়সার এম মোহায়মেনের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

