লন্ডন, ২ নভেম্বর: স্থায়ী বসবাসের অনুমতির (পার্মানেন্ট রেসিডেন্সি) জন্য প্রচলিত অপেক্ষার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ ১০ বছর করতে যাচ্ছে যুক্তরাজ্য। সোমবার পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ ঘোষণা দেন। অভিবাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের অংশ হিসেবে ২০২৭ সালে পর্যায়ক্রমে এসব পরিবর্তন কার্যকর হবে।
শাবানা মাহমুদ বলেন, ‘স্থায়ী বসবাস স্বয়ংক্রিয় হওয়া উচিত নয়; এটি অর্জন করে নিতে হবে।’ তিনি জানান, অভিবাসীদের অবদান, কর্মসংস্থানের রেকর্ড এবং অভিবাসন বিধিমালা মেনে চলার বিষয়টির সঙ্গে স্থায়ী বসবাস সম্পর্কিত করা হবে।
বছরে ৫০ হাজার পাউন্ডের বেশি আয় করা কর্মীরা আগের মতোই পাঁচ বছর পর আবেদনের যোগ্য হবেন। যাঁদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি, তাঁরা তিন বছর পরই আবেদন করতে পারবেন। চিকিৎসক, নার্স ও শিক্ষকেরা তুলনামূলক কম সময়ের পথ বহাল রাখবেন। ২০২৫ সালের মে মাসের আগে সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরিতে যোগ দেওয়া, ভিসার শর্ত পূরণ করা এবং বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করা কেয়ার ওয়ার্কাররাও পাঁচ বছরের পথ ধরেই স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। অল্প বেতনের কিছু কর্মীর জন্য সরকার আগে সর্বোচ্চ ১৫ বছর অপেক্ষার প্রস্তাব করেছিল, তবে ট্রেড ইউনিয়ন ও লেবার পার্টির সদস্যদের সমালোচনার মুখে সে পরিকল্পনা সংশোধন করা হয়েছে।
অনুমোদিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের যোগ্য হবেন। অন্যদের ক্ষেত্রে সাধারণত ২০ বছর অপেক্ষা করতে হবে। আর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ছোট নৌকাসহ অননুমোদিত পথে আসা শরণার্থীদের অপেক্ষার সময় হতে পারে সর্বোচ্চ ৩০ বছর। তবে যাঁরা কাজ বা পড়াশোনা করবেন, তাঁদের কেউ কেউ আরও আগে যোগ্য হতে পারেন।
শাবানা মাহমুদ বলেন, এসব পরিবর্তনের ফলে পাঁচ লাখের বেশি মানুষের স্থায়ী বসবাস পাওয়া বিলম্বিত হতে পারে এবং সরকারের কল্যাণ ব্যয় কয়েক বিলিয়ন পাউন্ড কমতে পারে।
সূত্র: আলজাজিরা

