তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

CT Online Desk
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১৫: ৩১

দেশের জনসংখ্যাগত সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। এই বিশাল জনগোষ্ঠী দেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তাদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে। এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী তিন বছরে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তরুণদের কর্মমুখী করে উৎপাদন ও অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ, ঋণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়িয়ে উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব কমানোর উদ্যোগ নিতে হবে।

যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নারী নির্যাতন, যৌতুক, বৈষম্য ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পরিবেশবান্ধব এ প্রকল্প সারা দেশে সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের যুব পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন। পাশাপাশি সারা দেশে স্থাপিত এক হাজার ২০০টির বেশি বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন ঘোষণা করেন।

spot_img

Related Articles