বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতগুলো হলো—অটোমোবাইল উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প।
বুধবার টোকিওর জেট্রো হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কাজ করছে। তবে দেশটিতে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগ এখনো ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের নিচে। গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বিপরীতে জাপান থেকে আমদানি হয়েছে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের পণ্য।
তিনি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে এ বছর অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
তারেক রহমান বলেন, ১৮ কোটির বেশি জনসংখ্যা, তরুণ কর্মশক্তি ও ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে বাড়িয়েছে।
অটোমোবাইল খাতে টয়োটার বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে। এ উদ্যোগে সরকার সহযোগিতা করবে।
জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ-জাপান টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা, মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা এবং ঢাকা, চট্টগ্রামসহ প্রধান শহরগুলোকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের পাশাপাশি আড়াইহাজারের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অঞ্চলটি জাপানি মানদণ্ডে গড়ে তুলছে সুমিতোমো করপোরেশন।
জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলো সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো এবং কার্যকর শুল্ক ও করব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা ও কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা সরকারের অগ্রাধিকার। এতে দুই দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে।
জেট্রো ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

